“সকল ক্ষমতা জনগণের” এই মৌলিক দর্শনকে সামনে রেখে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক উদ্যোগ ‘গণবিপ্লবী উদ্যোগ’। এই প্ল্যাটফর্মের সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে আরিফ সোহেলকে আহ্বায়ক এবং ৩৫ জনকে সংগঠক করে মোট ৩৬ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে।
গত রোববার (২৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানানো হয়। ঘোষণা অনুযায়ী, দুই মাস মেয়াদি এই প্রস্তুতি কমিটি সংগঠনের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘গণবিপ্লবী উদ্যোগ’ জনগণের সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠা এবং জনগণ, প্রকৃতি ও স্থানীয় সমাজের ওপর ভিত্তি করে একটি নতুন রাষ্ট্র-সমাজব্যবস্থা নির্মাণের লক্ষ্যে গঠিত একটি গণভিত্তিক রাজনৈতিক উদ্যোগ। জনগণকে রাষ্ট্রের মালিক, সিদ্ধান্তগ্রহণকারী এবং রাষ্ট্র পরিচালনার সক্রিয় অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করাই এর মূল লক্ষ্য। ক্ষমতার পুনর্বণ্টন, স্থানীয় স্বশাসন, প্রকৃতিনির্ভর রাষ্ট্রচিন্তা, জনগণকেন্দ্রিক অর্থনীতি এবং সমাজ ও সংস্কৃতির পুনর্জাগরণ এই উদ্যোগের অন্যতম ভিত্তি হিসেবে কাজ করবে।
প্রস্তুতি কমিটির সংগঠকেরা নিজ নিজ এলাকার বাস্তব সমস্যা ও প্রয়োজনকে কেন্দ্র করে জনগণের সঙ্গে যোগাযোগ স্থাপন, স্থানীয় গণসংগঠন গড়ে তোলা এবং আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে সমন্বয় তৈরির কাজ করবেন। চেতনা নির্মাণ, জনগণকে সংগঠিত করা এবং স্থানীয় অর্থনীতি, শিক্ষা, কৃষি, পরিবেশ, সংস্কৃতি ও জনসেবায় বিকল্প মডেল গড়ে তোলার লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করা হবে। এই কার্যক্রমে কেন্দ্রের ভূমিকা হবে কেবল সমন্বয় ও নীতিনির্ধারণ; স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ও স্বশাসনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
ঘোষিত মেয়াদ অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে এই প্রস্তুতি কমিটি ‘গণবিপ্লবী উদ্যোগ’-এর গঠনতন্ত্র প্রণয়ন করবে। গঠনতন্ত্র প্রণয়নে জনগণ, প্রকৃতি, স্থানীয় সমাজ, ন্যায় ও নৈতিকতা এবং স্বশাসন – সংগঠনের এই পাঁচটি মৌলিক ভিত্তিকে গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে।
কেন্দ্রীয় প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আরিফ সোহেল। এছাড়া সংগঠক হিসেবে বাংলা বর্ণানুক্রমে রয়েছেন, অদিতি, আজাদ খান ভাসানী, আজহারুল হক লিংকন, আব্দুল্লাহ আল সোহানুর ইসলাম সোহান, আব্দুল্লাহ সালেহীন অয়ন, আব্দুস সামাদ আজিজ, আবির হাসান, আমিনুল হুদা আমান, আসিফ নেহাল, ইমতিয়াজ রাকিবুল, উম্মে খায়ের ঈদি, কবীর আ… (বাকি নাম প্রকাশিত হয়নি)।


























