বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব আর্মি মেজর জেনারেল ক্রিস স্মিথ। বৈঠকে উভয় দেশের স্থলবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় প্রশিক্ষণ কর্মসূচি, প্রযুক্তিগত সহযোগিতা এবং কৌশলগত যোগাযোগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
এ সময় অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব আর্মি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অনন্য পেশাদারত্ব ও গুরুত্বপূর্ণ অবদানের উচ্চ প্রশংসা করেন। আধুনিক যুদ্ধক্ষেত্রের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চতর সামরিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচিতে দুই দেশের পারস্পরিক অংশগ্রহণ আরও বাড়ানোর ওপর জোর দেন তিনি। পাশাপাশি বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় শান্তিরক্ষীদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে অংশীদারত্ব সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন মেজর জেনারেল ক্রিস স্মিথ। প্রতিরক্ষা উপদেষ্টা দুই দেশের এই সামরিক সহযোগিতার ইতিবাচক অগ্রগতির জন্য তাকে ধন্যবাদ জানান এবং এই সফরের মধ্য দিয়ে উভয় দেশের সশস্ত্র বাহিনীর পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


























