ভারত ও যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্কের নতুন অধ্যায়ে প্রথমবারের মতো ভারতীয় বিমান বাহিনীর উদ্যোগে আয়োজিত বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ যোগ দিতে রাজস্থানের যোধপুরে এসে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ৬টি সর্বাধুনিক এফ-৩৫ লাইটনিং ২ ফাইটার জেট এবং দুই শতাধিক বিমান-সেনা। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে এই তথ্য নিশ্চিত করেছেন। এর মাধ্যমে প্রথমবারের মতো ভারতীয় বিমান বাহিনীর কোনো যৌথ মহড়ায় মার্কিন বিমান বাহিনী এবং তাদের অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমানগুলোর অভিষেক ঘটছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) যোধপুর বিমান ঘাঁটিতে এই মহড়া শুরু হয়েছে, যা আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলবে। এবারের আয়োজনে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রায় ৪০টি দেশ অংশ নিচ্ছে, যার মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীও সি-১৩০ জে যুদ্ধবিমান নিয়ে সক্রিয়ভাবে শামিল হয়েছে। মহড়ার অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকা এফ-৩৫ হলো পঞ্চম প্রজন্মের এমন এক বহুমুখী সক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমান, যা তথ্য সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ এবং আকাশ, স্থল, সমুদ্র ও সাইবার-ভিত্তিক কার্যক্রমের মধ্যে সংযোগ স্থাপন করতে অত্যন্ত কার্যকর। এছাড়া এবারের মহড়ায় ফ্রান্সের রাফাল, ভারতের নিজস্ব প্রযুক্তির তেজস এবং সুখোই-৩০ এমকেআই-এর মতো শক্তিশালী যুদ্ধবিমানগুলোও অংশ নিচ্ছে, যা বৈশ্বিক সামরিক সহযোগিতার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে।























