দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সুষম উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে সব সম্প্রদায়ের মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। শনিবার সন্ধ্যায় বান্দরবান প্রেস ক্লাবে একটি লিফটের উদ্বোধন এবং ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, পাহাড়ি ও সমতলের সব জনগোষ্ঠীর পারস্পরিক শান্তিপূর্ণ সহাবস্থান এবং সুষম উন্নয়ন নিশ্চিত করা গেলেই কেবল পার্বত্য অঞ্চলে টেকসই গতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব। পাহাড়ের ১১টি ক্ষুদ্র জাতিসত্তার পাশাপাশি বাঙালি মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও বড়ুয়াসহ মোট ১৪টি জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি ও সহাবস্থানই এই অঞ্চলের মূল শক্তির উৎস বলে উল্লেখ করেন তিনি।
জাতীয় পতাকাকে হৃদয়ে ধারণ করে সবাইকে সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সাচিং প্রু জেরী বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের গতির সঙ্গে সামঞ্জস্য রেখেই পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে হবে। যেসব খাতে তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে, সেগুলোতে দ্রুত উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিয়ে মূলধারার সমপর্যায়ে নিয়ে আসাই সরকারের বর্তমান লক্ষ্য।
পাহাড়ের দীর্ঘদিনের সমস্যাগুলোর স্থায়ী সমাধানে দলমত নির্বিশেষে সবার সম্মিলিত প্রয়াসের প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রী বলেন, কোনো একক ব্যক্তি, রাজনৈতিক দল কিংবা প্রশাসনিক কর্মকর্তার পক্ষে রাতারাতি এই অঞ্চলের সার্বিক পরিবর্তন আনা সম্ভব নয়। এর জন্য সমাজের প্রতিটি স্তর থেকে আন্তরিক প্রচেষ্টা আসতে হবে। ঐক্যবদ্ধ ও সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমেই কেবল পার্বত্য অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি ও প্রগতি নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মা ম্যা চিং, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক ও অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান। এ ছাড়া জেলা পরিষদের সদস্য এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।






















