মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৬০ হাজার টাকা।
বুধবার (৩০ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) একটি টহল দল উপজেলার সীমান্তবর্তী পূর্ববাদ এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩৬০ প্যাকেট ভারতীয় সিগারেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “সীমান্ত এলাকায় নিয়মিত টহলের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রম চলমান রয়েছে।”
তিনি আরও জানান, চলতি মাসের ১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ব্যাটালিয়নের আওতাধীন শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও কুলাউড়া সীমান্তে একাধিক অভিযান পরিচালিত হয়েছে। এতে ৭,৭২৬ প্যাকেট ভারতীয় নাসির পাতার বিড়ি, ২,৩৫৫ প্যাকেট ভারতীয় সিগারেট, ২ বোতল মদ, ১টি মোটরসাইকেল ও ১টি গরু জব্দ করা হয়। এসব পণ্যের মোট সিজারমূল্য প্রায় ১০ লাখ ২৩ হাজার ৩০০ টাকা।
লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া বলেন, “৪৬ বিজিবি ১১৫ কিলোমিটার সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছে। সীমান্ত সুরক্ষা ও অবৈধ পণ্য চোরাচালান রোধে আমাদের সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে। এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
















