ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সামরিক মিশন গুটিয়ে নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ৩০ সেপ্টেম্বর তাদের মূল সদর দপ্তর স্থায়ীভাবে বন্ধ হতে যাচ্ছে। দেশটির নিরাপত্তা পরিস্থিতি সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে এবং পুরো ভূখণ্ডের নিয়ন্ত্রণ ইরাকি সশস্ত্র বাহিনীর হাতে রয়েছে বলে জানিয়েছে বাগদাদ।
ইরাকের সশস্ত্র বাহিনীর প্রধানের কার্যালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে যে, দেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। ২০১৪ সালে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এই আন্তর্জাতিক জোট গঠিত হয়েছিল। পরবর্তীতে দুই ধাপের পরিকল্পনা অনুযায়ী ইরাক থেকে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়।
নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী চলতি সেপ্টেম্বরের শেষ পর্যন্ত এই জোটের কার্যক্রম সীমাবদ্ধ ছিল। আগামী ৩০ সেপ্টেম্বরের পর জোটভুক্ত দেশগুলোর সঙ্গে ইরাকের ভবিষ্যৎ সম্পর্কের ধরন নির্ধারণে এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও সহযোগিতা অব্যাহত রাখতে একটি বিশেষ কমিটি কাজ করছে।























