হরমুজ প্রণালিতে ইরান তার ক্ষমতার অতিরিক্ত বাড়াবাড়ি করেছে বলে মন্তব্য করেছেন পেন্টাগনের আরব উপদ্বীপ বিষয়ক সাবেক পরিচালক এবং নিয়ার ইস্ট সাউথ এশিয়া সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ-এর অধ্যাপক ডেস রোচেস। তিনি বলেন, সামরিক ও বাণিজ্যিক প্রস্তুতির কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের বাধা দেওয়ার সক্ষমতা আগের তুলনায় অনেকটাই কমে গেছে।
কাতারভিত্তিক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেস রোচেস জানান, যুক্তরাষ্ট্র যখন বড় আকারের ট্যাঙ্কার বহরকে নিরাপত্তা দিয়ে নিয়ে যেতে চায়, তখন ইরান কার্যকর কোনো বাধাই সৃষ্টি করতে পারে না। সাম্প্রতিক হামলাগুলোতে বড় কোনো তেল বাজারকে ক্ষতিগ্রস্ত করার পরিবর্তে মূলত তৃতীয় কোনো দেশের একক বেসামরিক বাণিজ্যিক জাহাজকেই লক্ষ্যবস্তু করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, অর্থনৈতিক বিপর্যয়ের যে আশঙ্কা অতীতে করা হয়েছিল, তা সফল হয়নি। যুক্তরাষ্ট্র যদি ভবিষ্যতে নতুন কোনো সামরিক অভিযান পরিচালনা করে, তবে তা আরও ব্যাপক পরিসরে হতে পারে। তবে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্যের মধ্যে পার্থক্য রয়েছে বলেও উল্লেখ করেন এই বিশ্লেষক।























