প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন স্পষ্ট করে বলেছেন, বর্তমান সরকারের নাম ব্যবহার করে কেউ কোনো ধরনের অপকর্ম বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত তৎপর রয়েছে এবং অপরাধী যেই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। আইন তার নিজস্ব গতিতেই চলবে।
রোববার সকালে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশে ফেরেন তিনি। পরবর্তীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় মিরপুরের রাড্ডা ক্লিনিক ভাঙচুর এবং কনটেন্ট ক্রয়েটার সালমান মুক্তাদিরের স্টুডিওতে সাম্প্রতিক হামলার বিষয়েও কথা বলেন তিনি।
মাহদী আমিন আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বমঞ্চে বাংলাদেশের অপার সম্ভাবনা অত্যন্ত সফলভাবে তুলে ধরেছেন। এই সফর দেশের জন্য অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণে কৃষি, প্রযুক্তি, নারী ও তরুণ সমাজসহ দেশের সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণ ও অধিকারের বিষয়টি জোরালোভাবে উঠে এসেছে। একই সঙ্গে একটি আত্মনির্ভরশীল ও স্বনির্ভর জাতি গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সরকারপ্রধান।






















