ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক বৈঠকে তিনি এই মূল্যায়ন তুলে ধরেন। পারমাণবিক ইস্যুতে আন্তর্জাতিক বিভিন্ন মহলে চলমান আলোচনার মধ্যেই এই বক্তব্য এল।
ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান পুনর্ব্যক্ত করেছেন যে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং প্রযুক্তিগত জ্ঞান অর্জনের উদ্দেশ্যে পরিচালিত। পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুল ধারণা বলে প্রত্যাখ্যান করেছেন।
বৈঠকে পেজেশকিয়ান আরও জানান যে, তেহরান আলোচনা থেকে পিছু হটেনি, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির কারণে তাদের ওপর আগের মতো আস্থা রাখা কঠিন হয়ে পড়েছে। এদিকে মধ্যপ্রাচ্য সফরকালে চলমান কূটনৈতিক প্রক্রিয়াগুলো এগিয়ে নিতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের প্রধান।























