বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর রাফি আকন (৯) নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাফি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার জানায়, গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর সোমবার সকালে প্রতিবেশীরা খালে কচুরিপানার নিচে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
শিশুটির বাবা ও মায়ের দাবি, রাফি ভালো সাঁতার জানত এবং একা খালে যাওয়ার কথা নয়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে তারা সন্দেহ করছেন। শরণখোলা থানার অফিসার ইনচার্জ রোকেয়া খানম জানান, জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।






















