ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কঠোর ভাষায় সমালোচনা করে তাদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। পবিত্র নগরী মক্কাকে বারবার লক্ষ্যবস্তু করার অভিযোগ এনে তিনি এই মন্তব্য করেন।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্য অনুযায়ী, মন্ত্রিসভার এক বৈঠকে ৯০ বছর বয়সি সৌদি বাদশাহ এই কঠোর অবস্থান ব্যক্ত করেন। সাধারণত দৈনন্দিন রাষ্ট্রীয় বিষয়গুলো যুবরাজ পরিচালনা করলেও বর্তমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে বাদশাহর এমন সরাসরি বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।
সম্প্রতি সৌদি আরবের নিরাপত্তার জন্য হুথিদের হামলাগুলোকে অন্যতম বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। এর আগে মক্কার দিকে ধেয়ে যাওয়া একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল সৌদি কর্তৃপক্ষ, যদিও হুথি বিদ্রোহীরা সেই অভিযোগ অস্বীকার করেছে।
প্রায় এক দশক পর মক্কায় এই প্রথম নিরাপত্তা সতর্কতা জারি করা হলো। বাদশাহ সালমান দেশের অখণ্ডতা রক্ষা এবং পবিত্র স্থান ও হাজিদের সুরক্ষায় সৌদি সশস্ত্র বাহিনীর ভূমিকার উচ্চ প্রশংসা করেন।























