ইসরাইলকে নিজেদের নীতি পরিবর্তনের আহ্বান জানিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেছেন, ইসরাইল নিজেই নিজের চারপাশে সংকট তৈরি করছে। নিউইয়র্ক সিটির আটলান্টিক কাউন্সিলে দেওয়া এক বক্তব্যে তিনি মন্তব্য করেন যে, বর্তমান ভূরাজনৈতিক সমস্যার মূল কেন্দ্রবিন্দু ইসরাইল নিজে, সিরিয়া নয়।
সিরিয়ার সঙ্গে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং কৌশলগত গোলান মালভূমি ফেরত পাওয়ার পূর্বশর্ত হিসেবে তিনি স্পষ্ট করে জানান যে, ইসরাইলকে প্রথমে দক্ষিণ সিরিয়ার দখলকৃত অঞ্চলগুলো থেকে সেনা প্রত্যাহার করতে হবে। আসাদ সরকারের পতনের পর ওই এলাকাগুলো ইসরাইল দখল করে নেয় উল্লেখ করে তিনি বলেন, ওই অঞ্চল থেকে সরে যাওয়ার পরই কেবল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু হতে পারে। জাতিসংঘের স্বীকৃতি অনুযায়ী গোলান মালভূমি সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ হওয়ায় তা নিয়ে কোনো আলোচনার প্রয়োজন নেই বলে তিনি স্পষ্ট জানান।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই দিন কিছু নিরীহ মানুষের সঙ্গে যা ঘটেছে তা অনুমেয়, তবে সেই একটি নির্দিষ্ট ঘটনার ওপর ভিত্তি করে দীর্ঘমেয়াদি নীতি নির্ধারণ করা সম্ভব নয়। একই সঙ্গে গাজায় সংঘটিত সহিংসতার কথাও উল্লেখ করে তিনি বলেন, সেখানে বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং শুধু ৭ অক্টোবরের ঘটনার নিরিখে সিরিয়া তার রাষ্ট্রীয় নীতি সাজাবে না।























