পুলিশ বাহিনীকে নিষ্ক্রিয় করতে একটি বিশেষ চক্র নানামুখী বিতর্ক সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। এই ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি অপরাধীদের শনাক্ত করতে পুলিশকে গোপন তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সীমিত জনবল দিয়ে পুলিশের পক্ষে এককভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন। তাই পুলিশ ও জনগণের মধ্যে কার্যকর সমন্বয় বাড়াতে প্রতিটি এলাকায় সমন্বয় কমিটি গঠন করতে হবে। বিশেষ করে একটি নিষিদ্ধ দলের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। মাদকের বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি মাদক কারবারিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনার নির্দেশ দেন।
সভায় তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, মিথ্যা অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে যাতে কোনো অরাজকতা সৃষ্টি না হয়, সেদিকে সংবাদকর্মীদের সজাগ থাকতে হবে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন এবং কোনো ভিত্তিহীন মামলা না নেওয়া হয়, সে বিষয়ে পুলিশ কর্মকর্তাদের কড়া নির্দেশনা দেন তিনি। সভা শেষে তিনি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।






















