ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত অভিযানে সৃষ্ট ক্ষত ও মানসিক ট্রমা ফিলিস্তিনিদের প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়াতে হবে বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের হাতে গাজায় নারী ও শিশুদের বিরুদ্ধে যে ‘গণহত্যা’ সংঘটিত হচ্ছে, তার যন্ত্রণা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।
এক অনূদিত বক্তব্যে ব্রাজিলের প্রেসিডেন্ট উল্লেখ করেন, নেতানিয়াহু সরকারের এই নৃশংসতা ফিলিস্তিনিদের জীবনে এক গভীর ট্রমা তৈরি করেছে। একই সঙ্গে তিনি হামাসের কর্মকাণ্ডের নিন্দা জানান। এছাড়া জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রানচেস্কা আলবানিজকে তার সত্যনিষ্ঠ বক্তব্যের কারণে স্তব্ধ করার যেকোনো প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেন লুলা। তিনি আলবানিজের কণ্ঠকে ‘নীরব’ না করার আহ্বান জানান।
পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের কঠোর সমালোচনা করে লুলা বলেন, এসব অবৈধ বসতি স্থাপনের ফলে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা ক্রমেই বিলীন হয়ে যাচ্ছে। এটি ওই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বলেও তিনি মন্তব্য করেন।























