রাজধানীর চকবাজার শাহী মসজিদ চত্বরে আগামী ২ অক্টোবর অনুষ্ঠিতব্য ‘খতমে নবুওয়ত মহাসম্মেলন’ সফল করার লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ (বৃহত্তর লালবাগ জোন)-এর উদ্যোগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাদ এশা ঢাকার ইসলামবাগ মাদ্রাসা মিলনায়তনে এই সভা আয়োজিত হয়।
ইসলামবাগ মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ঢাকা মহানগরের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেন, “খতমে নবুওয়তের আকিদা ঈমানের মূল ভিত্তি। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে শেষ নবী হিসেবে বিশ্বাস করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। এই মহাসম্মেলন কেবল একটি আয়োজন নয়, বরং ঈমানি চেতনা জাগ্রত করার এক ঐতিহাসিক আহ্বান।” তিনি আরও বলেন, “আগামী ২ অক্টোবরের মহাসম্মেলনকে যেকোনো মূল্যে সফল করে তুলতে লালবাগ জোনের সর্বস্তরের উলামায়ে কেরাম ও তাওহীদি জনতাকে ঐক্যবদ্ধভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।”
সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমী বলেন, “খতমে নবুওয়ত বা আখেরি নবী হযরত মুহাম্মদ (সা.)-এর নবুওয়তের চূড়ান্ত সমাপ্তির আকিদা রক্ষা করা প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। আগামী ২ অক্টোবর চকবাজার শাহী মসজিদ চত্বরে যে মহাসম্মেলন আহ্বান করা হয়েছে, তা দ্বীন ও ঈমান রক্ষার তাগিদেই করা হচ্ছে।” তিনি আরও বলেন, “লালবাগ জোনের সর্বস্তরের তাওহীদি জনতা ও উলামায়ে কেরামকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে, যাতে করে এই মহাসম্মেলন সাফল্যমণ্ডিত হয় এবং বাতিলের সকল চক্রান্ত নস্যাৎ হতে পারে।”
সভায় উপস্থিত উলামায়ে কেরামের পক্ষ থেকে বক্তারা বলেন, “নবুওয়তের খতম বা চূড়ান্ত সমাপ্তির আকিদা ইসলামের অন্যতম মৌলিক ভিত্তি। এ আকিদার ওপর আঘাত বরদাশত করা হবে না।” তারা আরও বলেন, “মহাসম্মেলনের বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে আমাদের এই মতবিনিময় সভা থেকে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার গ্রহণ করতে হবে। ইসলামবাগসহ পুরো লালবাগ ও আশপাশের এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আসন্ন মহাসম্মেলনকে ঐতিহাসিক গণসমাবেশে রূপ দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
সভায় আগামী ২ অক্টোবরের মহাসম্মেলনকে কেন্দ্র করে ব্যাপক প্রচার-প্রচারণার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


























