চট্টগ্রামের রাউজান উপজেলায় মোহাম্মদ করিম নামের এক ব্যক্তিকে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় এলজিসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সুপার মাসুদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৩ সেপ্টেম্বর রাতে উপজেলার উড়কিরচর এলাকার কেরানিহাট বাজারে করিমকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়।
পুলিশ জানায়, মূলত মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। প্রথমে হত্যাকাণ্ডে জড়িত শুক্কুর ও জাবেদকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে সেলিম ও আলামিন নামের আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলার অন্যতম প্রধান আসামি পারসহ পলাতক অন্য অভিযুক্তদের আইনের আওতায় আনতে জোরদার অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, পৃথক অভিযানে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকা থেকে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত অভিযোগে আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।






















