ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের সাড়ে তিন বছরের শিশু সাইমা আক্তার সাবা হত্যা মামলায় একমাত্র আসামি শান্তনা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক হেলাল উদ্দীন এই রায় ঘোষণা করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২৫ সালের ৩ ডিসেম্বর খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু সাবা। ওই দিন রাতেই প্রতিবেশী আক্তারুজ্জামান মাসুমের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাসুমের স্ত্রী শান্তনা খাতুনকে গ্রেপ্তার করা হলে তিনি ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি জানান, শিশুদের খেলার সময় ঝগড়ার একপর্যায়ে তিনি সাবার মাথায় আঘাত করলে তার মৃত্যু হয় এবং পরে মরদেহ লুকিয়ে রাখেন।
পুলিশ তদন্ত শেষে মাত্র ২৭ দিনের মাথায় আদালতে চার্জশিট দাখিল করে। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের দীর্ঘ শুনানি ও ২৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।


























