রিক্রুটিং এজেন্সিগুলোর স্বার্থের ঊর্ধ্বে গিয়ে দেশের বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার জোরালো দাবি জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিয়ের (বায়রা) সদস্যরা। তাদের মতে, সম্ভাবনাময় এই বাজার নিয়ে দেশ ও বিদেশে নানামুখী ষড়যন্ত্র চলছে। সময়মতো শ্রমিক পাঠানো না গেলে অন্য দেশ থেকে শ্রমিক নিয়ে চাহিদা পূরণ করবে মালয়েশিয়া, যার ফলে বাংলাদেশ এই সুযোগ থেকে বঞ্চিত হবে।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বায়রার সদস্যরা এই দাবি জানান। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সংসদ সদস্য ও বায়রার সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল গফুর ভূঁইয়া।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, নানামুখী উদ্যোগের ফলে মালয়েশিয়া থেকে বিগত অর্থবছরে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স এসেছে। কর্মী প্রেরণের সার্বিক প্রক্রিয়ায় সাধারণ কর্মীদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলেও কিছু তালিকাবহির্ভূত এজেন্সি মিছিল, মিটিং ও সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রক্রিয়াটি বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। এমনকি বৈধ সমঝোতা স্মারক ও বিধিমালা অনুসরণের পরও প্রতিদ্বন্দ্বী কিছু প্রতিষ্ঠান অপ্রাসঙ্গিক মামলা ও অপতৎপরতার মাধ্যমে শ্রমবাজার চালুর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
বক্তারা আরও জানান, মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে অধিক সংখ্যক কর্মী নেওয়ার পাশাপাশি তাদের ন্যূনতম মূল বেতন ১৭০০ রিঙ্গিত নির্ধারণের বিষয়টিও ইতিবাচকভাবে বিবেচনা করছে, যা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।






















