বাংলাদেশের প্রাথমিক শিক্ষার গুণগত মান বাড়ানো, শিশুদের মৌলিক দক্ষতা ও সৃজনশীলতার বিকাশ, মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে সংস্থাটির গ্লোবাল সিইও রীনা ঘেলানি এই আগ্রহের কথা জানান। সাক্ষাৎকালে তিনি বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতের উন্নয়নে প্রতিমন্ত্রীর গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন।
রীনা ঘেলানি জানান, বিশ্বের ৮০টি দেশে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। প্রান্তিক শিশুদের কাছে শিক্ষার সুফল পৌঁছানো, প্রারম্ভিক বিকাশ ও বাল্যবিবাহ রোধের লক্ষ্যে সরকারের উন্নয়ন ভাবনার সঙ্গে মিল রেখে কাজ করতে চায় প্ল্যান ইন্টারন্যাশনাল।
বৈঠকে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, কেবল শিশুদের স্কুলে আনাই সরকারের মূল লক্ষ্য নয়; বরং প্রতিটি শিশুর জন্য মানসম্মত ও আধুনিক শিক্ষা নিশ্চিত করা প্রধান উদ্দেশ্য। সরকার শিক্ষার্থীদের মধ্যে সাক্ষরতা ও সংখ্যাগত দক্ষতার পাশাপাশি সৃজনশীলতা ও জীবনমুখী দক্ষতা বিকাশে কাজ করছে। আলোচনায় মেয়েদের মাধ্যমিক ঝরে পড়া রোধ, বিদ্যালয়ে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ সৃষ্টি এবং জলবায়ু প্রভাব মোকাবিলার বিষয়গুলোও প্রাধান্য পায়।


























