মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের অবসান ঘটাতে ইরানের জন্য আলোচনার দরজা খোলা রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ। তিনি উল্লেখ করেছেন, তেহরান চাইলে আবারও শান্তিপূর্ণ কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে আলোচনায় ফিরতে পারে।
রোববার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আয়োজিত ‘আল-মনিটর লাইভ’ এর এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। ইরানের সঙ্গে চলমান সংঘাতে সময় ওয়াশিংটনের পক্ষে যাচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে ওয়াল্টজ দৃঢ়ভাবে বলেন, ‘আমি তাই মনে করি’। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানের সঙ্গে সংঘাতের প্রসঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন যে, ইরান চাইলে শান্তিপূর্ণ ও কূটনৈতিক উপায়ে আবার আলোচনায় ফিরতে পারে।
তবে, তেহরান নতুন করে আলোচনায় বসার শর্ত হিসেবে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ক্ষতিপূরণ দাবি করেছে—এমন প্রতিবেদনকে তিনি কাল্পনিক বলে উড়িয়ে দেন।
ওয়াল্টজ আরও বলেন, ১৯৭৯ সালের পর ইরানি শাসকগোষ্ঠী এখন সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে এবং তাদের অবস্থান আরও দুর্বল হচ্ছে। অর্থনৈতিক চাপ ও দেশটির মুদ্রার দরপতনের কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ইরান শান্তিপূর্ণ ও কূটনৈতিকভাবে আলোচনায় ফিরে আসবে।























