দক্ষিণাঞ্চলের প্রধান চিকিৎসা কেন্দ্র খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে শয্যা সংকটের কারণে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ২০০৮ সালে হাসপাতালটিকে ২৫০ থেকে ৫০০ শয্যায় উন্নীত করা হলেও প্রতিদিন প্রায় ১৮০০ থেকে ২০০০ জন ভর্তি রোগী এখানে সেবা নিচ্ছেন। এছাড়া প্রতিদিন বহির্বিভাগে আরও তিন থেকে চার হাজার মানুষ চিকিৎসাসেবা পাওয়ার আশায় ভিড় করছেন।
হাসপাতালটিতে চিকিৎসকদের বড় কোনো পদ খালি না থাকলেও ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের তীব্র সংকট রয়েছে। অনুমোদন থাকা সত্ত্বেও চিকিৎসাসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধের ঘাটতির অভিযোগ তুলেছেন রোগী ও তাদের স্বজনরা। ভর্তি রোগীদের বাইরে থেকে জরুরি ওষুধ, ইনজেকশন এমনকি অপারেশনের সেলাই সুতা পর্যন্ত কিনে আনতে হচ্ছে বলে জানা গেছে।
যন্ত্রপাতির নাজুক অবস্থার কারণে ভোগান্তি আরও বেড়েছে। হাসপাতালটিতে পালস অক্সিমিটার ও নেবুলাইজার থেকে শুরু করে সিটি স্ক্যান, ডায়ালাইসিস ও আলট্রাসনোগ্রামসহ অন্তত ৩৮৬টি চিকিৎসা যন্ত্র অচল হয়ে পড়ে আছে। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে ওষুধপত্র সরবরাহের পর্যাপ্ত পদক্ষেপের কথা বলা হলেও রোগীর অতিরিক্ত চাপের কারণে দ্রুত সরবরাহ শেষ হয়ে যাওয়ার কথা জানান সংশ্লিষ্টরা।


























