যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর নতুন করে কোনো সামরিক আগ্রাসন চালায়, তবে তেহরান তাদের সমরাস্ত্র ও যুদ্ধের কৌশলগত বিন্যাস সম্পূর্ণ বদলে ফেলবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার এক টেলিভিশন সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি জানান, নতুন কোনো হামলার মোকাবিলায় ইরান সম্পূর্ণ ভিন্ন সক্ষমতা নিয়ে ময়দানে নামবে, যা বিশ্বকে অবাক করে দেবে।
মোহেবি আরও বলেন, ইরান এখন দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। তিনি দাবি করেন, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের আধিপত্যের অবসান ঘটেছে এবং তেহরান নতুন ভূ-রাজনৈতিক বিন্যাস গড়ে তুলছে। আইআরজিসির মুখপাত্র পরিষ্কার করেন যে, ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক যোগাযোগ বা আলোচনার সুযোগ নেই এবং দেশের প্রতিরক্ষা নিশ্চিত করাই এখন সামরিক বাহিনীর মূল লক্ষ্য।























