জীবনভর কষ্টার্জিত সঞ্চয়, পেনশন বা ব্যক্তিগত সম্পদ ব্যয় করে মসজিদ নির্মাণ ও সম্প্রসারণের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দেশ-বিদেশের বহু মানুষ। তাদের এই আত্মত্যাগ ও মহতী উদ্যোগ অনেকের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে।
বাংলাদেশে টাঙ্গাইলের মির্জাপুরের কালুজন বেওয়া ভিক্ষা করে জমানো দুই লাখ টাকা দিয়ে মসজিদ নির্মাণ করেন। একইভাবে চুয়াডাঙ্গার কুসুম বিবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহসান হাবিব এবং ফটিকছড়ির লিয়াকত আলী মুন্সি নিজ নিজ সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণে অবদান রেখেছেন।
আন্তর্জাতিক পরিসরেও এমন বহু উদাহরণ রয়েছে। আফ্রিকার মালাউইয়ের চিখওয়ায়া কামুলোনি জীবনের পুরো সঞ্চয় ব্যয় করে গ্রামে মসজিদ তৈরি করেছেন। সৌদি আরবের এক নারী স্বামীর মৃত্যুর পর ৩০ বছর ধরে সঞ্চিত অর্থ দিয়ে তৈরি করেছেন মসজিদ। অন্যদিকে লন্ডনের ফজল মসজিদ নির্মাণে প্রায় ৫০৩ জন নারী নিজেদের গয়না দান করেছিলেন।


























