বাজারে আগুন নিয়ন্ত্রণে দুই ঘণ্টা, কোটি টাকার ক্ষয়ক্ষতি
রাজবাড়ীর গোয়ালন্দ পান বাজারে আগুনের তাণ্ডবে তিনটি ক্রোকারিজের দোকান সম্পূর্ণভাবে ধ্বংস; ফায়ার সার্ভিস পাঁচ ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজবাড়ীর গোয়ালন্দ পান বাজারে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনটি ক্রোকারিজের দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন, অন্তত দেড় থেকে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, আগুনের সূত্রপাত হয় খোকন মন্ডলের দোকান থেকে। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মীরা প্রথমে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন, তবে আশপাশে পানির কোনো উৎস না থাকায় তাদের চরম বিড়ম্বনা পোহাতে হয়।
পরে রাজবাড়ী থেকে আরও তিনটি ফায়ার সার্ভিস ইউনিট এসে যোগ দেয়। ৩০ মিনিটের মধ্যে আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নেভাতে প্রায় দেড় ঘণ্টা সময় লাগে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন মো. খোকন মন্ডল, মো. হারুন অর রশিদ ও মো. লুৎফর রহমান। খোকন মন্ডল জানিয়েছেন, তাঁর দোকানে থাকা নগদ ৫০ লক্ষাধিক টাকা, ৪৫-৫০ লক্ষাধিক টাকার মালামাল এবং ১৩-১৪ ভরি স্বর্ণও আগুনে নষ্ট হয়েছে। লুৎফর মন্ডল জানিয়েছেন, তার দোকানের দুই-তিন লাখ টাকার মালামাল, নগদ দুই লাখ টাকা এবং দেড় শতাধিক জমির দলিলও পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা-সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানিয়েছেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করা হবে।
















