জলবায়ু পরিবর্তনকে অর্থনীতির মূলধারার আলোচনায় যুক্ত করা এবং কার্বন নিঃসরণের অর্থনৈতিক মূল্যায়ন নির্ধারণের ক্ষেত্রে অনন্য অবদান রাখা মার্কিন অর্থনীতিবিদ উইলিয়াম ডি. নর্ডহাউস ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘ রোগভোগের পর তার এই প্রয়াণে আন্তর্জাতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
ঐতিহ্যগতভাবে অর্থনীতি বলতে উৎপাদন, বাজার ও মুনাফার হিসাবকেই প্রধানত বোঝানো হলেও নর্ডহাউস তার গবেষণায় এর সঙ্গে প্রকৃতি ও দীর্ঘমেয়াদি মানবকল্যাণকে সম্পৃক্ত করেছিলেন। বিশেষ করে তেল, গ্যাস ও কয়লার মতো অনবায়নযোগ্য সম্পদের ব্যবহার এবং ভবিষ্যতের জন্য তা সংরক্ষণের বিষয়টি তিনি অর্থনীতির দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিশ্লেষণ করেছিলেন।
তার এই যুগান্তকারী কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালে তাকে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। জলবায়ু পরিবর্তন এবং সামষ্টিক অর্থনীতির সম্পর্ক নির্ধারণে তার গবেষণালব্ধ তত্ত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষায় নীতিনির্ধারকদের পথ দেখিয়েছে।























