টানা ১০ দিনের অবরোধ ও ধ্বংসযজ্ঞ শেষে অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় হেবরন শহর থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরাইলি বাহিনী। হেবরনের গভর্নর খালেদ দুদিন জানিয়েছেন, ইসরাইলি সেনারা চলে যাওয়ার পর সংশ্লিষ্ট এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী।
তিনি জানান, যেসব পরিবারকে নিজেদের বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছিল, তারা এখন নিরাপদে ফিরতে পারছেন। বাসিন্দাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী কাজ চালিয়ে যাচ্ছে। গত ২৩ অক্টোবর দুই ফিলিস্তিনির বন্দুক হামলায় দুই ইসরাইলি সেনা নিহত ও তিনজন আহত হওয়ার পর শহরটিতে অবরোধ আরোপ করা হয়েছিল।
গভর্নরেটের তথ্য অনুযায়ী, ১০ দিনের এই সামরিক অভিযানে ৩ হাজার ৩০০-এর বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং ১৫টি বাড়ি ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই অভিযানের ফলে স্থানীয় অর্থনীতি, অবকাঠামো এবং শিক্ষাকার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।























