ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। সোমবার সকালে নরসিংহপুর এলাকায় শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করলে আশপাশের বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে এবং উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে শিল্প পুলিশের এক সহকারী পুলিশ সুপারসহ বেশ কয়েকজন আহত হন।
এ ছাড়া বেলা সোয়া ১১টার দিকে একটি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় হা-মীম গ্রুপের একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ঢাকা-আরিচা মহাসড়কসহ বিভিন্ন পয়েন্টে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে শিল্পাঞ্চলজুড়ে অতিরিক্ত পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।






















