তেহরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক সংঘাতে জড়ানো ইসরাইলের জন্য বড় ধরনের কৌশলগত ভুল হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির গণমাধ্যম ও নিরাপত্তা বিশ্লেষকেরা। তাদের আশঙ্কা, এই সংঘাত কেবল ইরান-ইসরাইলে সীমাবদ্ধ না থেকে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে, যা তেল আবিবের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে।
ইসরাইলি সংবাদমাধ্যম এবং সাবেক সামরিক কর্মকর্তাদের মতে, রাজনৈতিক স্বার্থে নতুন সামরিক পদক্ষেপ নিলে তা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকট আরও বাড়িয়ে তুলবে। ইরানের শক্তিশালী ভৌগোলিক অবস্থান, সামরিক সক্ষমতা এবং তাৎক্ষণিক পাল্টা আঘাত হানার ক্ষমতা যেকোনো যুদ্ধের ঝুঁকি বহুলাংশে বাড়িয়ে দেয়।
বিশ্লেষকদের মতে, এ ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ব্যবস্থা, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট এবং আন্তর্জাতিক বাজার বড় ধরনের হুমকির মুখে পড়বে। এর নেতিবাচক প্রভাব বিশ্ব অর্থনীতিতেও পড়বে। ফলে সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে ইসরাইলি সরকারের অতিরিক্ত সামরিক বা রাজনৈতিক উচ্চাশা দেশটির দীর্ঘমেয়াদি নিরাপত্তার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে।























