ইরানের ওপর নতুন করে যেকোনো ধরনের আগ্রাসন চালানো হলে তার জবাব হবে পূর্বের চেয়ে অনেক বেশি কঠোর ও ধ্বংসাত্মক—এমন কড়া হুঁশিয়ারি দিয়েছে দেশটির সামরিক বাহিনী। সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আবদোল্লাহি জানিয়েছেন, শত্রুপক্ষের লক্ষ্যবস্তু ও বিভিন্ন স্থাপনার একটি ‘নতুন তালিকা’ তৈরি করা হয়েছে, যার পরিধি আঞ্চলিক সীমারেখা ছাড়িয়ে বিস্তৃত রয়েছে।
এর আগে যেকোনো সামরিক হুমকির মুখে ভৌগোলিক সীমানার বাইরে গিয়েও তাৎক্ষণিক ও কার্যকর পাল্টা পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। মেজর জেনারেল আবদোল্লাহি জানান, সর্বোচ্চ নেতার এই দিকনির্দেশনা অনুযায়ী সশস্ত্র বাহিনী ভূখণ্ড ও জনগণের নিরাপত্তায় যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করতে দৃঢ়প্রতিজ্ঞ।
জেনারেল আবদোল্লাহি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে আধুনিক সামরিক প্রযুক্তি ও উন্নত অস্ত্র ব্যবহারে ইরান পুরোপুরি প্রস্তুত। নতুন সামরিক পরিকল্পনায় শত্রুঘাঁটির তালিকা প্রতিনিয়ত হালনাগাদ করা হচ্ছে। যুদ্ধের সমাপ্তি শত্রুরা নয়, বরং ইরান তাদের চূড়ান্ত পরাজয়ের মাধ্যমে নির্ধারণ করবে বলেও তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।























