জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সকল সরকারি প্রতিষ্ঠান, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা জারি করেছে।
এছাড়াও, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত গত ৫ অক্টোবর মন্ত্রিসভায় গৃহীত হয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপন সংক্রান্ত পরিপত্রে দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ দিন। মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সংঘটিত সেনা অভ্যুত্থানের পর জিয়াউর রহমান গৃহবন্দি হন। পরবর্তীতে ৭ নভেম্বর মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে আটকাবস্থা থেকে মুক্ত হন জিয়াউর রহমান। এই ঘটনার মধ্য দিয়েই তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।






















