পোল্যান্ডের সাংবিধানিক আদালতের স্বাধীনতা নিয়ে চলমান রাজনৈতিক বিরোধ চরম আকার ধারণ করায় রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট কারোল নাভরোৎস্কি। শনিবার প্রেসিডেন্টের প্রাসাদে এই বৈঠক অনুষ্ঠিত হলেও ক্ষমতাসীন জোটের মূল দল সিভিক কোয়ালিশন এতে অংশ নেয়নি।
সাংবিধানিক আদালতের প্রধান বিচারক বোগদান শভিয়েচকোভস্কিকে আকস্মিকভাবে সাময়িক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর এই নতুন রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় হুমকি তৈরি হতে পারে আশঙ্কা করে প্রেসিডেন্ট এই জরুরি পরামর্শ সভা ডাকেন। তবে বৈঠক শেষেও সংকট নিরসনে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।
এদিকে প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বিরোধী রক্ষণশীল রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে গণতন্ত্র ও আইনের শাসন ধ্বংসের প্রচেষ্টার অভিযোগ তুলেছেন। অন্যদিকে আদালতের বাইরে ডানপন্থি দলের সমর্থকেরা বিক্ষোভ প্রদর্শন করেন। আদালতের বিচারকদের রাজনৈতিক নিরপেক্ষতা এবং বিগত সরকারের আমলের বিভিন্ন নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই দেশটিতে তীব্র রাজনৈতিক টানাপোড়েন চলে আসছে।























