রংপুরের মিঠাপুকুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্পট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের সজোরে ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ১৮ জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার ভোর ৫টার দিকে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ভূরুঙ্গামারীগামী ‘খান এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা মাটিবোঝাই ডাম্পট্রাকটির পেছনে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আলমগীর হোসেন, মোজাফফর হোসেন, তাঁর বোন গোলাপী এবং বাসের হেলপার আপেল। হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় অধিবাসীরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।






















