নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক। তিনি জানান, সরকারি সংস্থা বোয়েসেলের মাধ্যমে এক কর্মী মালয়েশিয়া যেতে আনুমানিক ১ লাখ ৫৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা ব্যয় হতে পারে।
বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অভিবাসন সংক্রান্ত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, স্বাস্থ্য পরীক্ষা শুরু হওয়ার অল্প কদিনের মধ্যেই কর্মীরা ফ্লাইটে উঠতে পারবেন।
তিনি আরও জানান, মালয়েশিয়া কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে অনুমোদিত স্বাস্থ্য পরীক্ষাকেন্দ্রের তালিকা ওয়েবাসাইটে দেওয়া হবে। বেসরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়া যাওয়ার সম্ভাব্য খরচও সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে আলোচনার ভিত্তিতে নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে।


























