মধ্যপ্রাচ্যে নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে মক্কা জোটে ইরানকে অন্তর্ভুক্ত করা হবে কি না, তার ওপরই এই উদ্যোগের সাফল্য বা ব্যর্থতা সম্পূর্ণভাবে নির্ভর করছে। পাকিস্তান সেনাবাহিনীর ফ্রন্টিয়ার কোরের সাবেক কমান্ডার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল তারিক খান এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন।
আলজাজিরার সঙ্গে আলাপকালে তিনি বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সমন্বয়ে গঠিত মক্কা জোটের সদস্য দেশগুলোর নেতাদের সঙ্গে তেহরানে ইরানি কর্মকর্তাদের বৈঠক কেবল সাধারণ কোনো কূটনৈতিক আলোচনা নয়। এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক বিন্যাস কেমন হবে, তা নিয়ে চলমান প্রতিযোগিতারই একটি অংশ।
তারিক খান উল্লেখ করেন, মক্কা জোট শেষ পর্যন্ত একটি কার্যকর আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় রূপ নিতে পারে, তবে সেই কাঠামোয় ইরানের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনায় ইসরাইলের অবস্থান এবং আঞ্চলিক দেশগুলো ইসরাইলি নীতিগুলো কতটা গ্রহণ করতে প্রস্তুত, সেই প্রশ্নটিও এখন অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রশ্নটি কেবল যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত কীভাবে শেষ হবে, তা নিয়ে সীমাবদ্ধ নেই; বরং বিগত সংঘাতের পর মধ্যপ্রাচ্যে কেমন নতুন আঞ্চলিক ব্যবস্থা গড়ে উঠবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।























