যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাকি মেয়াদের ক্ষমতার পরিসর নির্ধারণে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেশটির প্রায় ২১ কোটি নিবন্ধিত ভোটার এই নির্বাচনে অংশ নিয়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, সে বিষয়ে রায় দেবেন।
মার্কিন কংগ্রেসের দুটি কক্ষ—প্রতিনিধি পরিষদ ও সিনেট। বর্তমানে উভয় কক্ষেই রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে কোনো একটি কক্ষের নিয়ন্ত্রণ হারালে ট্রাম্প প্রশাসনের আইন প্রণয়নের উদ্যোগ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারের বিরুদ্ধে তদন্তের মুখোমুখি হওয়ার শঙ্কা তৈরি হতে পারে।
প্রেসিডেন্টের চার বছরের মেয়াদের ঠিক মাঝামাঝি সময়ে এই মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। কংগ্রেসের পাশাপাশি বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভা ও স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনের ভোটও একই সময়ে হওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এই নির্বাচনের সুদূরপ্রসারী প্রভাব রয়েছে।























