বাংলাদেশ ও জাপানের মধ্যকার ঐতিহাসিক দ্বিপক্ষীয় সম্পর্ককে এক নতুন উচ্চতায় উন্নীত করার সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কানতেই’-তে উভয় দেশের শীর্ষ বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, জাপান সবসময় বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থেকে দেশের আর্থসামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, জাপান বাংলাদেশকে সবসময় দৃঢ়ভাবে সমর্থন করে আসছে। বিশেষ করে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর কেন্দ্রিক কৌশলগত অঞ্চলে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব ও সহযোগিতা আরও সুদৃঢ় করতে আগ্রহী টোকিও। এর আগে দুই দেশের সরকারপ্রধানদের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এ সময় বাংলাদেশের সরকারপ্রধানকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব জোরদার করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগের পরিধি বিস্তার, অবকাঠামোগত উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।






















