ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে ইসরাইল। জাতিসংঘের একটি তদন্ত কমিশনের পক্ষ থেকে প্রকাশিত নতুন এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব অপরাধের মধ্যে রয়েছে নির্বিচারে মানুষ হত্যা, চরম নিপীড়ন, নির্যাতন, ধর্ষণ এবং বিভিন্ন ধরনের যৌন সহিংসতা। বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইসরাইলি সামরিক অভিযান এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা আরও তীব্র হয়েছে।
জাতিসংঘের সাধারণ পরিষদে জমা দেওয়া ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, জাতীয়তা, বর্ণ, লিঙ্গ এবং বয়সের ভিত্তিতে ফিলিস্তিনিদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হচ্ছে, যার মধ্যে কোমলমতি শিশুরাও বাদ যায়নি। কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হাতে ১ হাজার ৮০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া চলতি বছরের আগস্টের তথ্য অনুযায়ী, ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
গাজার বর্তমান পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের তদন্ত কমিশন। তাদের ভাষ্যমতে, যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরাইলি বাহিনীর ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেমে নেই। অঞ্চলটিতে সামরিক নিয়ন্ত্রণের পরিধি বাড়ার কারণে সাধারণ মানুষের হতাহতের ঘটনা বেড়েই চলেছে। ফিলিস্তিনি সমাজকে ধ্বংস এবং তাদের পুরোপুরি বশীভূত করার কৌশল হিসেবে যৌন সহিংসতার মতো জঘন্য অপরাধের আশ্রয় নেওয়া হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।























