মাদারীপুরের শিবচর উপজেলার একসময়ের খরস্রোতা নদ-নদীগুলো আজ চরম নাব্য সংকট, পলি জমে ভরাট হওয়া এবং অবৈধ দখলদারদের চাপে অস্তিত্বের সংকটে পড়েছে। দীর্ঘদিন ধরে নিয়মিত ড্রেজিং বা খনন না হওয়ায় এবং অপরিকল্পিতভাবে নদী ভরাট ও তীর দখলের কারণে নদীগুলোর এমন বেহাল দশা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এর ফলে শুধু নদীমাতৃক এই জনপদের স্বাভাবিক প্রবাহই ব্যাহত হচ্ছে না, বরং কৃষি ও স্থানীয় জীববৈচিত্র্যও মারাত্মক হুমকির মুখে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, জেলার পাঁচটি উপজেলায় কাগজে-কলমে ১৭টি নদ-নদী থাকলেও প্রায় আড়াই শ কিলোমিটারজুড়ে পদ্মা, পালরদীসহ দৃশ্যমান নদীর সংখ্যা মোটে ১০টি। শিবচরের শিরুয়াইল, নিলখী, বাঁশকান্দি ও পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে নদীর এই সংকট অত্যন্ত প্রকট রূপ নিয়েছে। একসময় যেসব প্রবহমান নদী দিয়ে লঞ্চ ও পণ্যবাহী নৌকা চলাচল করত, সেগুলোর বেশিরভাগ অংশই এখন পলি ও কাদায় ভরাট হয়ে গেছে।
বিশেষ করে শিরুয়াইল থেকে নিলখী হয়ে প্রবাহিত আড়িয়াল খাঁ নদের একটি অংশ বর্তমানে স্থানীয়ভাবে ‘মরা আড়িয়াল খাঁ’ নামে পরিচিতি লাভ করেছে। বর্ষা মৌসুমে সামান্য পানি জমলেও শুকনো মৌসুমে নদীটির বিস্তীর্ণ অংশ সম্পূর্ণ শুকিয়ে যায় এবং অনেক স্থানেই এখন চলছে চাষাবাদ। স্থানীয় এলাকাবাসী অবিলম্বে নদীগুলো খনন এবং দখল-দূষণ রোধে কার্যকর ও টেকসই সরকারি উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।


























