ইসরাইলের রাজনীতিতে বেনিয়ামিন নেতানিয়াহু এক দীর্ঘ সময় ধরে প্রধান চালিকাশক্তি হিসেবে পরিচিত। ৭৭ বছর বয়সি এই ডানপন্থি লিকুদ পার্টির নেতা বিভিন্ন মেয়াদে প্রায় ১৯ বছর ইসরাইলের সরকারপ্রধানের দায়িত্ব পালন করেছেন। যা তাকে দেশটির ইতিহাসে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
১৯৮০-এর দশকে জাতিসংঘে ইসরাইলের রাষ্ট্রদূত এবং পরবর্তী সময়ে উপপররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের মাধ্যমে তার রাজনৈতিক ক্যারিয়ার বিকশিত হয়। ১৯৯৩ সালে লিকুদ পার্টির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ১৯৯৬ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা এক দশক এবং পরবর্তীতে ২০২২ সালে ষষ্ঠবারের মতো তিনি সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন।
গাজা সংঘাতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার মতো জটিল পরিস্থিতির পাশাপাশি দুর্নীতির মামলা মোকাবিলা করেই তিনি রাজনৈতিক অঙ্গনে টিকে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।























