আসন্ন জাতীয় নির্বাচন ও দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিক, উন্নয়ন সহযোগী ও অন্যান্য অংশীজনদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের সামগ্রিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিক, উন্নয়ন সহযোগী সংস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনরা অংশ নেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ব্রিফিংয়ে দেশের সার্বিক পরিস্থিতির পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনসংক্রান্ত প্রস্তুতি, রাজনৈতিক পরিবেশ এবং সরকারের অবস্থান তুলে ধরা হতে পারে।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, পররাষ্ট্র সচিব ব্রিফিংয়ে সংসদ নির্বাচনের প্রস্তুতি ও রোডম্যাপ, নির্বাচন কমিশনের ভূমিকা এবং বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিদেশি কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের অবহিত করবেন।
এছাড়া আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সরকার যে অঙ্গীকার ও গুরুত্ব দিচ্ছে, সেটিও ব্রিফিংয়ে তুলে ধরা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
















