উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের পর তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের দাবি জোরালো হয়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকের সার্বিক অবস্থান বিবেচনায় শ্রমিকদের বেতন বাড়াতে নিম্নতম মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পোশাক খাতের মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা সরকারের এই সিদ্ধান্তের প্রতি সম্মতি জানিয়েছেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের বৈঠকের পর বোর্ড গঠনের প্রক্রিয়া চূড়ান্ত রূপ নিচ্ছে। তবে মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হলেও তৈরি পোশাক অধ্যুষিত এলাকায় অসন্তোষ ও সহিংস আন্দোলনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।
ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ করে বিশাল অঙ্কের বেতন বৃদ্ধি করা হলে ছোট ও মাঝারি পোশাক কারখানাগুলো পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। ফলে সবার জন্য সহনীয় ও যৌক্তিক মজুরি নির্ধারণের পাশাপাশি কারখানাগুলোতে শান্ত পরিবেশ বজায় রাখার ওপর তাগিদ দিয়েছেন তারা।


























