বাংলাদেশে বর্তমানে প্রায় ৬০ লাখ মানুষ হাড়ের ক্ষয়জনিত নীরব রোগ ‘অস্টিওপোরোসিসে’ আক্রান্ত রয়েছেন জানিয়ে এই রোগের চিকিৎসা নিশ্চিত করতে এবং দেশব্যাপী জনসচেতনতা গড়ে তুলতে দেশের ৬৪টি জেলাই সমন্বিত কর্মসূচি পরিচালনার জোরালো আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল ভবনের কনভেনশন হলে ‘বিশ্ব অস্টিওপোরোসিস দিবস’ উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘অস্টিওপোরোসিস: প্রতিরোধযোগ্য মহামারি’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে ডা. জুবাইদা রহমান বলেন, অস্টিওপোরোসিস একটি নীরব ও মারাত্মক রোগ, যার ফলে হাড় দুর্বল, পাতলা ও ছিদ্রযুক্ত হয়ে পড়ে এবং সামান্য আঘাতেই হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি মারাত্মকভাবে বৃদ্ধি পায়। এর ফলে আক্রান্তদের স্বাভাবিক জীবনযাত্রা ও দৈনন্দিন কাজকর্ম চরমভাবে ব্যাহত হয়। ২০২৫ সালের পরিসংখ্যান অনুযায়ী দেশে প্রায় ৬০ লাখ মানুষ এতে আক্রান্ত থাকলেও বর্তমানে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হয়। বিশেষ করে বয়স্ক নারীদের মধ্যে এই রোগের প্রকোপ অত্যন্ত বেশি। উত্তর-মধ্য অঞ্চলের ৪৫ থেকে ৮০ বছর বয়সী নারীদের ওপর পরিচালিত সাম্প্রতিক গবেষণার তথ্য তুলে ধরে তিনি জানান, ওই এলাকায় অস্টিওপোরোসিসের প্রাদুর্ভাব ৪০ শতাংশ এবং অস্টিওপেনিয়ার প্রাদুর্ভাব ৪৩.৫ শতাংশ পাওয়া গেছে, যেখানে ৮৩ শতাংশের বেশি নারীর হাড়ের ঘনত্বে ঘাটতি রয়েছে।
রোগটির ভয়াবহতা রোধে ডা. জুবাইদা রহমান বেশ কিছু সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রস্তাব পেশ করেন। তাঁর প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে— ১) একটি স্বতন্ত্র ‘অস্টিওপোরোসিস সোসাইটি’ গঠন করে দেশের ৬৪ জেলায় সচেতনতামূলক কার্যক্রম ও স্ক্রিনিং ক্যাম্প পরিচালনা করা এবং ১ লাখ স্বাস্থ্যকর্মীকে কাজে লাগানো; ২) প্রতিবছর জাতীয়ভাবে ‘অস্টিওপোরোসিস সচেতনতা মাস’ পালন করে র্যালি ও প্রচারাভিযান চালানো; এবং ৩) শৈশব থেকেই পুষ্টি নিশ্চিতকরণ, ভিটামিন ডি ও ক্যালসিয়ামের ঘাটতি দূর করা এবং ফ্র্যাকচার রিস্ক অ্যাসেসমেন্ট টুল (FRAX) ব্যবহার করে প্রত্যন্ত অঞ্চলেও হাড় ভাঙার ঝুঁকি মূল্যায়ন করা।
ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং ডা. আব্দুস সালাম এমপি। এছাড়া সেমিনারের বিভিন্ন প্যানেল আলোচনায় দেশের শীর্ষস্থানীয় প্রখ্যাত চিকিৎসাবিদেরা অস্টিওপোরোসিস প্রতিরোধ, আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং জনসচেতনতা বাড়ানোর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।






















