মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, ফুসফুসে ইনজুরি; কিডনির কার্যক্ষমতা ফিরেছে
এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, চিকিৎসা চলছে কনজারভেটিভ ম্যানেজমেন্টে
দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে মেডিক্যাল বোর্ড। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে হাদির চিকিৎসায় গঠিত ১২ সদস্যের বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড এক বিবৃতিতে তার সর্বশেষ অবস্থা জানায়।
বর্তমানে ওসমান হাদি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন। মেডিক্যাল বোর্ড জানায়, গুলিবিদ্ধ হওয়ার ফলে তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু প্রয়োজনীয় সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হয়েছে, তাই আপাতত তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। ব্রেন প্রোটেকশন প্রটোকল অনুসরণ করে সব ধরনের প্রয়োজনীয় সাপোর্ট চালু রাখা হয়েছে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হতে পারে।
বোর্ড জানায়, হাদির ফুসফুসে গুরুতর ইনজুরি রয়েছে। চেস্ট ড্রেইন টিউব দিয়ে অল্প পরিমাণ রক্ত বের হওয়ায় সেটি আপাতত চালু রাখা হয়েছে। ফুসফুসে সংক্রমণ ও এআরডিএস (ARDS) প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত থাকবে। তবে ইতিবাচক দিক হলো—তার কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে, যা বজায় রাখতে নির্ধারিত ফ্লুইড ব্যালেন্স অনুসরণ করা হচ্ছে।
মেডিক্যাল বোর্ড আরও জানায়, এর আগে শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের মধ্যে অসামঞ্জস্যতা দেখা দিলেও বর্তমানে তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী রক্ত ও রক্তজাত উপাদান সঞ্চালন চলমান রয়েছে।
এ ছাড়া ব্রেন স্টেম ইনজুরির কারণে রক্তচাপ ও হৃদস্পন্দনে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। রক্তচাপ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া হচ্ছে। হৃদস্পন্দন বিপজ্জনকভাবে কমে গেলে তাৎক্ষণিকভাবে টেম্পোরারি পেসমেকার স্থাপনের জন্য সংশ্লিষ্ট টিম প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে মেডিক্যাল বোর্ড।
বিবৃতিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার, রেডিওলজি, আইসিইউ, অ্যানেস্থেশিয়া, নিউরোসার্জারি ও অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক ও সাপোর্ট স্টাফদের মানবিক ও পেশাদার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
মেডিক্যাল বোর্ড জানায়, এই মেডিক্যাল সামারি ইতোমধ্যে হাদির ভাই ও নিকটাত্মীয়দের বিস্তারিতভাবে জানানো হয়েছে। পাশাপাশি হাদির দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়ার অনুরোধ জানানো হয়েছে এবং অপ্রয়োজনে হাসপাতালে ভিড় না করতে অনুরোধ করা হয়েছে। কোনো ধরনের অনুমানভিত্তিক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে মেডিক্যাল বোর্ডের তথ্যের ওপর আস্থা রাখার আহ্বানও জানানো হয়।
















