জাবালে নূর টাওয়ারে জুট কারখানা থেকে আগুনের সূত্রপাত; উদ্ধার ৪২ জন
আগুন নেভাতে মাঠে ২০ ইউনিট, হতাহতের খবর নেই
ঢাকার কেরানীগঞ্জের বাবু বাজার এলাকায় দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু সংলগ্ন জাবালে নূর টাওয়ার নামের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর প্রায় ৫টার দিকে ভবনের নিচতলার একটি জুট কারখানা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ভবনের বাসিন্দারা।
ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে ঢাকা ও কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের মোট ২০টি ইউনিট কাজ করছে। ভোরে আগুন লাগার পর কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এ সময় ভবনের ভেতরে আটকে পড়া ৪২ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের সদস্যরা বিভিন্ন সিঁড়ি ব্যবহার করে উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং সবাইকে নিরাপদে নিচে নামিয়ে আনেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুনের খবর পাওয়া যায় এবং ৫টা ৪৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রাথমিকভাবে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ১৪টি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়। পরে পরিস্থিতি বিবেচনায় আরও ৬টি ইউনিট যোগ করা হয়।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
















