সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে মন্তব্য করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর নিঃশর্ত ক্ষমা প্রার্থনা দাবি করেছেন ক্যাম্পাসে কর্মরত গণমাধ্যমকর্মীরা। একই সঙ্গে হামলার ঘটনার সুষ্ঠু বিচার এবং সভাপতি ক্ষমা না চাওয়া পর্যন্ত সংগঠনটির সব কর্মসূচি বয়কটের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
বুধবার প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাহারুল ইসলাম তুহিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ৪ অক্টোবর ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় বিশ্ববিদ্যালয়ের চার সাংবাদিক গুরুতর আহত হন। এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল অভিযুক্তদের বহিষ্কার করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো প্রধান অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করা হয়। আগামী সিন্ডিকেট সভায় ঘটনার অধিকতর তদন্ত এবং প্রধান অভিযুক্ত আহসান হাবীবের সনদ বাতিল ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও ছাত্রদল সভাপতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ বলে গুরুত্ব খাটো করার চেষ্টা করেছেন। সভাপতি নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত এবং ঘটনার পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্রদলের সব ধরনের সংবাদ ও কর্মসূচি বর্জন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।


























