২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে রাজধানীর রামপুরায় গুলি চালিয়ে ২৮ জনকে হত্যার ঘটনায় অভিযুক্ত বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ দুজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা ক্যান্টনমেন্টের বিশেষ কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে তাদের আদালতে আনা হয়।
আজ এই মামলার আসামি রেদোয়ানুল ইসলামসহ মোট চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের কথা রয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বিচারিক প্যানেল এ বিষয়ে আদেশ দেবেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে গত ২৪ নভেম্বর ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের জন্য আজকের দিনটি ধার্য করেছিলেন। ওইদিন মামলার পলাতক অন্য দুই আসামির পক্ষে আইনি লড়াইয়ের জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটররা।
















