রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযান চালিয়ে ৪৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৩২টি মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ১১৪ জনকে গ্রেফতার করেছে মিরপুর বিভাগ। এ ছাড়া ওয়ারী বিভাগে ৬৬ জন, তেজগাঁও বিভাগে ৬০ জন, মতিঝিল বিভাগে ৫৫ জন, লালবাগ বিভাগে ৫৩ জন, গুলশান বিভাগে ৩৫ জন, উত্তরা বিভাগে ৩৩ জন এবং রমনা বিভাগে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন ১১ জন।
অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক, বিস্ফোরক ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১টি অবিস্ফোরিত ককটেল ও ১টি ককটেলের অংশবিশেষ, ৫ হাজার ৯৩১ পিস ইয়াবা, ৯০ গ্রাম গাঁজা এবং ১৪৪ বোতল দেশি মদ। এ ছাড়া ১টি চাপাতি, ২টি কাঁচি, ২টি লাইটার, ৬টি মোবাইল ফোন, ১টি ট্রাভেল ব্যাগ এবং পরিবহনের কাজে ব্যবহৃত ১টি কাভার্ডভ্যান, ১টি সিএনজি ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
ডিএমপি জানিয়েছে, এসব অভিযানের সময় এক ভুক্তভোগীকে (ভিকটিম) উদ্ধার করেছে পুলিশ। তবে তার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


























