মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলের দিকে এগিয়ে আসা একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের কারণে বৈশ্বিক বাজারে জ্বালানি তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার শঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে, যেখানে এক লাফে অপরিশোধিত তেলের দাম প্রায় চার শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪ ডলার ৮ সেন্ট বা ৪ দশমিক ১ শতাংশ বেড়ে ১০৪ ডলার ২৮ সেন্টে দাঁড়িয়েছে। জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির ফলে বিশ্ব অর্থনীতিতে নতুন করে চাপের সৃষ্টি হয়েছে।
এদিকে জ্বালানি বাজার ছাড়াও এর নেতিবাচক প্রভাব পড়েছে ইউরোপের শেয়ারবাজারে। ইউরোপের শীর্ষ ৬০০টি প্রতিষ্ঠানের শেয়ার নিয়ে গঠিত এসটক্স ৬০০ সূচক শূন্য দশমিক ৭৫ শতাংশ কমেছে। পাশাপাশি, ফ্রান্সের প্রধান শেয়ারবাজার সূচক সিএসি ৪০ কমেছে শূন্য দশমিক ৫ শতাংশ।
বিশ্লেষকদের মতে, সরকারি ঋণের ক্রমবর্ধমান বোঝা এবং বৈশ্বিক মূল্যস্ফীতির উচ্চ হার ইতিমধ্যেই ইউরোপীয় অর্থনীতিকে চাপে রেখেছে। এর ওপর জ্বালানি তেলের দাম বৃদ্ধির এই নতুন ধাক্কা বাজারগুলোর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।


























