নোয়াখালীর মাইজদী ও বেগমগঞ্জের চৌমুহনীসহ জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলাজুড়ে সাঁড়াশি অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর অংশ হিসেবে গত পাঁচ দিনে প্রায় ৫০০ কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলা শহর ও বিভিন্ন উপশহরের বিনোদনকেন্দ্র, পার্ক, স্কুল-শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ, অলিগলি এবং চায়ের দোকানগুলোতে নিয়মিত আড্ডা জমায় এসব কিশোর গ্যাংয়ের সদস্যরা। এনটিএস, বিটিআর, কেটিজিসহ বিভিন্ন নামে অর্ধশতাধিক গ্রুপ সক্রিয় রয়েছে। এসব গ্রুপের নিজস্ব নেটওয়ার্কের পাশাপাশি ছোট ছোট উপদলও রয়েছে, যারা ছদ্মনামে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।
অভিযোগ রয়েছে, এসব গ্যাংয়ের সদস্যরা এলাকায় আধিপত্য বিস্তার, চুরি, ছিনতাই, মারামারি, ইভটিজিং এবং মাদক কারবারের মতো অপরাধে জড়িয়ে পড়ছে। তাদের অনেকের কাছেই দামি মোবাইল ফোন ও মোটরসাইকেল রয়েছে। স্থানীয়রা আইনশৃঙ্খলা পরিস্থিতির এই অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং পুলিশের এই জোরালো অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।


























