মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চল থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবার ব্যারেলপ্রতি ১০১ ডলার ছাড়িয়েছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩৩ ডলার বা ১ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫৩ ডলারে পৌঁছায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ১১ ডলার বা ১ দশমিক ২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৩৯ ডলারে লেনদেন হচ্ছে।
উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বৃদ্ধির কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। এই ভূরাজনৈতিক উদ্বেগের সরাসরি প্রভাব পড়েছে তেলের বাজারে, যার ফলে দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী হচ্ছে।

























